আগের সরকারের অলিগার্কিক ব্যবস্থার মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতকে অলিগার্কিক ব্যবস্থা থেকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, দক্ষ ও পরিবেশবান্ধব জ্বালানিব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন উপদেষ্টা।
‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি’ প্রতিপাদ্যে চতুর্থবারের মতো আয়োজিত এই সম্মেলন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) উদ্যোগে সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে দেশি-বিদেশি প্রায় সাড়ে তিন শতাধিক নীতিনির্ধারক, জ্বালানি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী ও জলবায়ুকর্মী অংশ নিচ্ছেন।
তিন দিনের এই আয়োজনে উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের পাশাপাশি ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশন হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। এসব অধিবেশনে জ্বালানি নিরাপত্তায় নীতিগত সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নবায়নযোগ্য জ্বালানিতে দেশীয় অর্থায়ন, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, আঞ্চলিক জ্বালানি সহযোগিতা এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয় নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের প্রত্যাশা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা ও জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করে ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সম্মেলনটি ভূমিকা রাখবে। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের সম্মিলিত অবস্থান ও দাবি তুলে ধরে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছেন আয়োজকেরা।








