ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তৃণমূল কংগ্রেসের একটি নির্মীয়মাণ ভবন সিল করে দিয়েছে পুলিশ। তোপসিয়া এলাকায় দলটির পুরোনো কার্যালয়ের পাশে গড়ে ওঠা ছয়তলা ভবনটির সামনে ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড ও গার্ডরেল বসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ভবনটিতে শুধু নির্মাণকাজ চলতে পারবে; কোনো রাজনৈতিক সভা বা সাংগঠনিক কার্যক্রম করা যাবে না।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে সমকাল জানিয়েছে, ৩৬জি তোপসিয়া রোডের পুরোনো তৃণমূল ভবনটি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতারা ব্যবহার করে আসছিলেন। পরে ভবনের একাংশে নতুন ছয়তলা ভবনের নির্মাণ শুরু হয়। কয়েক দিন ধরে সেই নির্মীয়মাণ ভবনেই দলীয় বৈঠক হচ্ছিল এবং সেসব বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি কলকাতা পুরসভার নজরে এলে তারা আনন্দপুর থানায় অভিযোগ জানায়। এরপর শুক্রবার রাতে পুলিশ গিয়ে ভবনটি সিল করে দেয়। বর্তমানে দুজন নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক ছাড়া কাউকে ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর সেখানে হওয়ার কথা থাকা একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকও বাতিল হয়ে গেছে।
পুলিশের দাবি, নির্মীয়মাণ ভবনটির জন্য কলকাতা পুরসভার প্রয়োজনীয় কমপ্লিশন সার্টিফিকেট (সিসি) এখনো পাওয়া যায়নি। পুরসভার আইন অনুযায়ী এই সনদ ছাড়া কোনো ভবন ব্যবহার করা বেআইনি। দুর্ঘটনা এড়ানো ও নিরাপত্তার স্বার্থেই পুরসভার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী তৃণমূল নেতারা প্রশাসনের এই পদক্ষেপকে ষড়যন্ত্র ও রাজনৈতিক দমন-পীড়ন বলে অভিযোগ করেছেন। দলটির সংসদ সদস্য দোলা সেন বলেছেন, রাতে পুলিশ প্রায় ভবনটি দখল করে নিচ্ছিল; ওই জায়গা ৩০ বছর ধরে দলের সম্পত্তি এবং সব বৈধ নথি তাদের কাছে রয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান তৃণমূল নেতা কুণাল ঘোষসহ কয়েকজন শীর্ষ নেতা এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস বিভক্ত হয়ে পড়ে এবং দলটির মেট্রোপলিটন কার্যালয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে মমতা অনুসারী ‘কালীঘাট শিবির’ সাংগঠনিক কাজে তোপসিয়ার ভবনটি ব্যবহার করছিল। এখন সেটিও সিল হয়ে যাওয়ায় কলকাতায় দলীয় কার্যক্রম চালানো নিয়ে সংকটে পড়েছে ওই শিবির।








