বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে বুধবার (২৫ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পদায়ন করা হয়েছে; একই সঙ্গে তাঁকে লালমনিরহাটে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় পদায়ন করা হয়েছে। তাঁর স্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর না করলে ৩০ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।







