নাশকতা ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মোতায়েনের মূল লক্ষ্য রেল চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখা এবং সাধারণ যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
মাঠ পর্যায়ে নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিকভাবে পুরো কার্যক্রম তদারকি করছেন বলে বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। স্টেশনগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
এর আগে পোশাকশ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের নয়টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন বলে বাহিনী জানিয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রায়ট কন্ট্রোলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত বজায় রাখতে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে।








