সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি এলাকায় তার বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে বাসার একটি অংশে আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানিয়েছে, ভোরের দিকে একটি পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে। আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মী ও নৈশপ্রহরীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় সংসদ সদস্য আবদুল মালেক ও তার স্ত্রী বাসার ভেতরেই অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পরিবারের সদস্যদেরও কোনো ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন। তিনি বলেছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
এর আগে গত সপ্তাহে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।








