বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 11:58 পূর্বাহ্ন

দেশের চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ কথা জানানো হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নির্ধারিত দায়িত্বে থাকা কর্মচারী ছাড়া অন্য কাউকে এসব স্থানে ঢুকতে দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) মূল অংশে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আগত দর্শনার্থীদের বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রের মাধ্যমে তল্লাশি করে পরিচয় নিশ্চিত করতে হবে। অনুমতি নিয়ে প্রবেশ করলে ভিজিটর কার্ড ব্যবহার বাধ্যতামূলক। দর্শনার্থীর নাম, পূর্ণ ঠিকানা, আগমনের উদ্দেশ্য ও কার সঙ্গে দেখা করতে এসেছেন—এসব তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থাপনাগুলোতে সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা ও ধারণ করা ভিডিও সংরক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখা, সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং ওয়াচ টাওয়ারে দায়িত্ব পালন নিশ্চিত করতে বলা হয়েছে। দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশও রয়েছে।

নির্দেশনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাচল চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।