খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ ঢাকায় গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 12:39 অপরাহ্ন

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমরান ওরফে ‘শুটার ইমরান’কে চার সহযোগীসহ রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি জানিয়েছে, রোববার ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ইমরান (৪০) খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাঁর চার সহযোগী হলেন রূপসার আইচগাতি এলাকার ইমন খান (২১) ও হানিফ সিকদার (১৯), রাজাপুর গ্রামের মো. আল আমিন (২০) এবং বাহাপুর এলাকার রফিকুল ইসলাম (২১)। এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে বলে বাহিনীটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসআরবির দাবি, ইমরান খুলনার আলোচিত সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবু’র ঘনিষ্ঠ সহযোগী ও শুটার হিসেবে পরিচিত। তিনি সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন। এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানিয়েছেন, ইমরান খুলনা মহানগর ও জেলার রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এবং তাঁকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল।

বাহিনীটি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে সংঘটিত আলোচিত জোড়া খুন এবং রূপসায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলে জয় ঢালী ও আক্তার ঢালী হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া খুলনা সদর থানায় অস্ত্র মামলা ও গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে এসআরবি জানিয়েছে।

অভিযান শেষে উদ্ধার করা রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আলামতসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।