রাজধানীর হাতিরঝিল এলাকার রামপুরা অংশে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে আবার গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে পশ্চিম রামপুরার ডিআইটি রোডে ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, একদল লোক কার্যালয়ে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। ঢাকা মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরা চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি টিভি সেন্টারের ফুটওভার ব্রিজের পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়টিতে ঢুকে গুলি ছোড়ে। এতে কার্যালয়ে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। ওসি আসাদুজ্জামান বলেছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে ঢাকা মেইল জানিয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় একই থানা এলাকার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করা হয়েছিল। দুই সপ্তাহের মধ্যে একই এলাকায় দ্বিতীয়বার কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটল।
এরও আগে গত ৯ জুন রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গত ১৪ জুন ঢাকায় সংবাদ সম্মেলন করেছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সেখানে মোহাম্মদপুর, বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার তথ্য তুলে ধরা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে।








