১০৪ দিনে সাইকেলে কক্সবাজার থেকে হিমালয়ের চার ট্রেইল জয় কাপ্তাইয়ের বীর কুমারের

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 5:41 অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই উপজেলার বীর কুমার তঞ্চঙ্গ্যা ১০৪ দিনের সাইক্লিং ও পর্বতারোহণ অভিযান শেষ করেছেন। কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ভারত হয়ে নেপালের দুর্গম পাহাড়ে পৌঁছান তিনি। দ্য ডেইলি স্টার জানিয়েছে, এই যাত্রায় তিনি নেপালের চারটি কঠিন ট্রেইল জয় করেছেন, যার মধ্যে এভারেস্ট অঞ্চলের তিনটি সর্বোচ্চ গিরিপথ রয়েছে, আর উঠেছেন পাঁচটি পর্বতশৃঙ্গে।

বীর কুমার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৮ মিনিটে মানাসলু সার্কিটের সর্বোচ্চ গিরিপথ লারকিয়া লা অতিক্রম করে তিনি অভিযানের শেষ নির্ধারিত গিরিপথটি জয় করেন। তাঁর লক্ষ্য ছিল এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয় করা। এমন অভিযান সম্পন্ন করা প্রথম বাংলাদেশি ও প্রথম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাইক্লিস্ট বলে নিজেকে দাবি করেছেন তিনি।

তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৬ আগস্ট কক্সবাজার থেকে। ১৮ সেপ্টেম্বর তিনি ওঠেন নাংকার্টশাং শৃঙ্গে (৫ হাজার ৮৩ মিটার), ১৯ সেপ্টেম্বর ছুকুং রিতে (৫ হাজার ৫৫০ মিটার), ২১ সেপ্টেম্বর অতিক্রম করেন কংমা লা গিরিপথ (৫ হাজার ৫৫০ মিটার) এবং ২২ সেপ্টেম্বর পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে (৫ হাজার ৩৬৪ মিটার)। পরদিন তিনি ওঠেন কালা পাত্থারে। এরপর ১ অক্টোবর চো লা (৫ হাজার ৪২০ মিটার), ৪ অক্টোবর গোকিও রি (৫ হাজার ৩৫৭ মিটার) ও ৬ অক্টোবর রেঞ্জো লা (৫ হাজার ৩৬০ মিটার) গিরিপথ জয় করেন তিনি।

অভিযানের পরের ধাপে ১৩ অক্টোবর তিনি ওঠেন পাইকি শৃঙ্গে (৪ হাজার ৬৫ মিটার)। ৪ নভেম্বর তিনি অতিক্রম করেন অন্নপূর্ণা সার্কিটের সর্বোচ্চ গিরিপথ থোরং লা (৫ হাজার ৪১৬ মিটার) এবং ৯ নভেম্বর পৌঁছান অন্নপূর্ণা বেস ক্যাম্পে (৪ হাজার ১৩০ মিটার)।

বীর কুমার বলেছেন, এই অভিযান শুধু দুর্গম পাহাড় জয় কিংবা ব্যক্তিগত সাফল্যের জন্য নয়; তাঁর প্রধান উদ্দেশ্য ছিল দেশে-বিদেশে স্বেচ্ছায় রক্তদান ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে সচেতনতা তৈরি করা। এর আগে তিনি ৪০ দিনে সাইকেলে বাংলাদেশের সব ৬৪ জেলা ঘুরেছেন এবং ভারতের ১০টি রাজ্য ভ্রমণ করেছেন; তবে কক্সবাজার থেকে নেপাল পর্যন্ত সাইকেলে এটাই ছিল তাঁর প্রথম অভিযান।