দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৬৭ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৯৬ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনা বিভাগে ২২০ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।








