আশুলিয়ায় ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশ ও বিজিবি মোতায়েন

Published: November 12, 2026, 7:45 am

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকদের একটি অংশ। অস্থিরতার কারণে অন্তত পাঁচটি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।

বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা একটি কারখানাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হামীম গ্রুপের নেক্সট ওয়াশ লিমিটেডের শ্রমিক রাকিব হাসানকে পুলিশ আটক করেছে। তবে তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে সাভারের জিন্স মেনুফ্যাকচার নামে একটি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। তবে সাভার ও আশুলিয়ার অনেক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে এবং শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।

কারখানা মালিকদের দাবি, অনেক শ্রমিক কারখানায় প্রবেশ করেও উৎপাদন কাজে অংশ নিচ্ছেন না বা হাজিরা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। টানা দুই সপ্তাহ ধরে এমন পরিস্থিতিতে বেশ কিছু কারখানার উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে কয়েকটি কারখানায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধের নোটিশ ঝোলানো হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘট চললে মালিকপক্ষ ওই প্রতিষ্ঠান বা তার অংশবিশেষ বন্ধ রাখার অধিকার রাখেন। এর আগে আন্দোলনকারী শ্রমিকদের একটি অংশ সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে তারা অলিগলিতে সরে যান। শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে।