একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ যানবাহনে আগুন, ঢাকায় গ্রেপ্তার ৫৯

Tajanews24

Published: November 11, 2026, 12:14 pm

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার একদিনে ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর বুধবার এই হিসাব প্রকাশ করেছে। সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এসব নাশকতার ঘটনায় শুধু রাজধানী থেকেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এলাকায় সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়া হয় বলে সদর দপ্তরের হিসাবে বলা হয়েছে।

রাজধানীর বাইরে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে। ওই ১২ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর পুলিশের এলাকায় দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণায় একটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, রাজধানীতে গ্রেপ্তার হওয়া ৫৯ জনের মধ্যে ৩৩ জনকেই ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আটক করা হয় বলে জানানো হয়েছে।

সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানিয়েছেন, দেশের অন্যান্য এলাকায় মঙ্গলবার নাশকতাসংক্রান্ত ঘটনায় কতজন গ্রেপ্তার হয়েছেন, তার পরিসংখ্যান এখনো প্রস্তুত করা হচ্ছে।