ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৬০

Tajanews24

Published: November 12, 2026, 2:19 pm

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৬০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৯২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঢাকা শহরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩০২ জন এবং রাজধানীর বাইরের জেলাগুলোতে ৬২২ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, রাজশাহীতে ২১৬ জন, বরিশালে ১৮৫ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নভেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হয়েছে; এর আগে অক্টোবরে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা গেছেন বলে অধিদপ্তরের হিসাবে উল্লেখ করা হয়েছে।