অস্ট্রেলিয়ার আরও বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Tajanews24

Published: November 12, 2026, 11:14 am

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে অস্ট্রেলিয়ার আরও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সমর্থন চেয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন। ইউএনবির বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা জলবায়ু পরিবর্তন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে হাসান শিপলু জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। আলবানিজও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সফরের আশা প্রকাশ করেন।

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন। কপ-৩১ আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। বিনিয়োগের ক্ষেত্রে তিনি বাংলাদেশে থাকা সুযোগগুলো তুলে ধরে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। দুই নেতা কৃষি খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সমর্থন চান। তিনি সংকট সমাধানে অস্ট্রেলিয়ার জোরালো কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন, এই সংকটের উৎস মিয়ানমার এবং টেকসই সমাধানও সেখানেই খুঁজতে হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনা সম্পর্কেও আলবানিজকে অবহিত করেন। তিনি জানান, সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর কাজ করছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর প্রভাব মোকাবিলায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো এবং খাল খনন কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।