কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভোরে ঢাকায় পৌঁছানোর কথা

Tajanews24

Published: November 12, 2026, 10:17 pm

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে উপ-প্রেস সচিব জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনের বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ওই ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নসহ পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। সফরের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে এই সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।