তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

Tajanews24

Published: November 12, 2026, 9:16 pm

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়, যা প্রতি গ্রামে ১৯ হাজার ৩০ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে বাজুস জানিয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নিয়ে ছয় দিনে তৃতীয় দফায় স্বর্ণের দাম কমাল বাজুস। এর আগে সংগঠনটি চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়িয়ে ৫ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় তুলেছিল। এরপর পরপর দুই দফায় প্রতিবার ২ হাজার ৭৪১ টাকা করে কমানো হয়। বৃহস্পতিবারের এই কমতি মিলিয়ে ছয় দিনে ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে ওঠানামা চলছে। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ডলার শক্তিশালী হওয়ার প্রেক্ষাপটে স্পট গোল্ডের দাম সামান্য কমে আউন্সপ্রতি ৩ হাজার ৯৭৭ দশমিক ৯৯ ডলারে নেমে আসে।