খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভবনের বাইরের সড়ক থেকে মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রল বোমাটি নিক্ষেপ করে দ্রুত সরে যায়। বোমাটি সিঁড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি; কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়। নিরাপত্তারক্ষীরাও দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসেন বলে জানা গেছে। ঘটনাস্থলের অদূরের একটি দেয়ালে ‘যুবলীগ’ লেখা দেখা গেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেট্রল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল এবং এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
ওসি আরও বলেন, যে মোটরসাইকেলটি ব্যবহার করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সেটি শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতার তথ্য পাওয়া না গেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এদিকে খুলনা থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফ হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বোমাটি ভবনের বড় সিঁড়ির মাঝামাঝি ফেলা হয়েছিল এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়, ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।








