আনসার-ভিডিপির নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই মেজর জেনারেল

Tajanews24

Published: November 16, 2026, 12:17 am

সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বে রদবদল করেছে সরকার। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক করা হয়েছে। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। একই আদেশে সাজ্জাদ মাহমুদকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

একই রদবদলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।