কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে নতুন করে অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে শুধু উখিয়ার বিভিন্ন ক্যাম্পেই অন্তত ১১৮ জন রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছেন। ইত্তেফাক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা মিয়ানমারের রাখাইন রাজ্য ও ভারতের বিভিন্ন এলাকা থেকে স্থলসীমান্ত, নাফ নদ ও বঙ্গোপসাগরের সাগরপথ ব্যবহার করে দালালদের সহায়তায় বাংলাদেশে প্রবেশ করেছেন।
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাঁদের জোর করে নিজেদের দলে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছিল। গত ১১ নভেম্বর রাতে রাখাইনের বুচিডং টাউনশিপ থেকে একটি পরিবারের ছয় সদস্য নাইক্ষ্যংছড়ির বরইতলী সীমান্ত দিয়ে প্রবেশ করে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে আশ্রয় নেন। অন্যদিকে গত শনিবার সকালে ভারত থেকে সাত সদস্যের একটি পরিবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে; ভারত থেকে আসা অনেকের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধন কার্ডও রয়েছে।
কুতুপালং ওয়ান ইস্ট ও ওয়ান ওয়েস্ট ক্যাম্পের ইনচার্জ উপসচিব মিনহাজুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওয়ান ইস্ট ক্যাম্পেই নতুন করে ৫০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। এর আগে গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর টানা তিন দিনে মিয়ানমার থেকে অন্তত ৫৫ জন প্রবেশ করে একই ক্যাম্পের বিভিন্ন শেডে অবস্থান নিয়েছিলেন বলেও জানা গেছে।
সাগরপথেও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত ৯ নভেম্বর ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মাছ ধরার নৌকায় নাফ নদ ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে তাঁরা মিয়ানমার থেকে এসেছিলেন।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে নতুন করে অনুপ্রবেশ অব্যাহত থাকায় উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে চাপ আরও বাড়ছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।








