পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ৬১ জন বাংলাদেশি যাত্রীর নিরুদ্দেশ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে এজেন্সিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো. তফিকুল ইসলাম।
চিঠিতে বলা হয়েছে, নিবন্ধিত বেসরকারি ওমরাহ এজেন্সি সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের (ওমরাহ লাইসেন্স নম্বর-০২৯) মাধ্যমে মোট ৯৪ জন বাংলাদেশি ওমরাহযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছিল। তাঁদের মধ্যে ৬১ জন সৌদি আরবে যাওয়ার পর নিরুদ্দেশ হয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, ওমরাহর উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে পলায়ন একটি দণ্ডনীয় অপরাধ। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী এজেন্সিটি নির্ধারিত শর্ত পালনে অঙ্গীকারবদ্ধ ছিল। ওমরাহ পালনের উদ্দেশ্যে গিয়ে আত্মগোপন করা এবং অবৈধভাবে বসবাস করা দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২-এর পরিপন্থী।
এ অবস্থায় সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের বিরুদ্ধে কেন আইন ও বিধিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।








