সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে দুই মন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর ঘোষণা দেন। এর আগে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল। নতুন কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ধর্মমন্ত্রী আরও জানান, হজযাত্রীর কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। ধর্মমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। অনুষ্ঠানে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








