গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, শ্রম আইনের ১৩(১) ধারায় এসব কারখানা বন্ধ করা হয়েছে এবং আরও ২৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা হোক।
সোমবার সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। পরে তাঁরা বিক্ষোভ করে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে বলেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে প্রথম আলো জানিয়েছে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানিয়েছেন, শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, শফিপুর ও কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার ফটকে সোমবার সকালে বন্ধের নোটিশ ঝুলতে দেখা গেছে বলে নিউ এজ জানিয়েছে। কাজে যোগ দিতে এসে নোটিশ দেখে অনেক শ্রমিক বাড়ি ফিরে যান। কয়েক দিন ধরে এসব শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও নাশকতার অভিযোগের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।








