বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় ইইউ মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। কক্সবাজারের ক্যাম্পসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা শরণার্থী এবং আশপাশের স্থানীয় মানুষের মানবিক চাহিদা মেটাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
ইইউ মিশনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের জন্য বরাদ্দ করা এই অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক সহায়তা প্যাকেজের অংশ। মিয়ানমার ও এ অঞ্চলের শরণার্থীদের জন্য ওই প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার একটি অংশ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নির্ধারণ করা হয়েছে।
বার্তা অনুযায়ী, নতুন এই অর্থ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদারে ব্যয় করা হবে। শরণার্থীদের সুরক্ষা পরিষেবা বাড়ানোর পাশাপাশি খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করা হবে। আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্যও এই অর্থায়ন কাজে লাগানো হবে বলে ইইউ জানিয়েছে।
ইইউ আরও জানিয়েছে, এই অতিরিক্ত অর্থায়নের বাইরে ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি মানবিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন, যাদের বড় অংশ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
ইইউর বার্তায় বলা হয়েছে, জরুরি মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কাজ করছে সংস্থাটি।








