দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ১৩ মে ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি ধাপের ভোটের দিনই বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন, পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে, যাতে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে আটকে থাকা ইউনিয়নগুলোর নির্বাচন পরে ওই ধাপে সমন্বয় করা যায়। কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই সংলাপ শেষ করা হবে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
এ ছাড়া প্রথম ধাপের নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।








