সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন পাঁচ দিনের রিমান্ডে

Tajanews24

Published: নভেম্বর 16, 2026, 2:20 অপরাহ্ন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ জানিয়েছেন।

রিমান্ডে নেওয়া দুজন হলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তার সহযোগী সুকুমার হাওলাদার। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস গত ১১ নভেম্বর তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। সোমবার কারাগার থেকে দুজনকে আদালতে হাজির করা হয়; আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চাইলেও শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য ও উপস্থিত লোকজনের সহায়তায় ফয়সাল ও সুকুমারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়।

পরদিন সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলাটি করেন। এরপর দুই আসামিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ নভেম্বর কারাগারে পাঠানো হয়।

একই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে শনিবার কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।