খুলনার কয়রা থেকে অপহরণের আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের মা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কয়রা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম। পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নিখোঁজ হয়। সে স্থানীয় জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ছাত্রীর মা আসমা পারভীন বাদী হয়ে গত ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। এরপর থেকে ভুক্তভোগী ও অভিযুক্তরা পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তদন্তের সূত্র ধরে প্রথমে খুলনা নগরের গল্লামারি এলাকা থেকে ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরণখোলায় অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা ও কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মন্ডল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) এবং ভাই ইউছুপ গাজী (২৪)। ওসি রাশেদুল আলম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য নেওয়া হয়েছে।








