সাতক্ষীরা সীমান্তে পাঁচ স্থানে বিজিবির সতর্কতামূলক গুলি, মানব পাচারে জড়িত সন্দেহে আটক ৮

Tajanews24

Published: নভেম্বর 16, 2026, 2:49 অপরাহ্ন

অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, রোববার রাতে সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করে।

সোমবার বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, মোবাইল টহল ও চেকপোস্টের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে থার্মাল ড্রোন, নাইট-ভিশন দূরবিন, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। সীমান্ত ফাঁড়িগুলোর সদস্যদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ব্যাটালিয়নটি। অবৈধ সীমান্ত পারাপার ও মানব পাচার ঠেকাতে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক জানিয়েছেন, তাঁর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।