চীনে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চীনা সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীরা দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জানুয়ারি ২০২৭।
বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার পাশাপাশি সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এটি পূর্ণ অর্থায়নের বৃত্তি বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসনে বিনা মূল্যে থাকার সুবিধা, মাসিক ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় ও পাঠদানের ভাষাভেদে ভর্তির শর্তে ভিন্নতা থাকতে পারে বলে জানানো হয়েছে।
যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফল ও প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। বয়সসীমা স্নাতকের ক্ষেত্রে ২৫ বছর, স্নাতকোত্তরে ৩৫ বছর এবং পিএইচডিতে ৪০ বছর; সাধারণ স্কলার কর্মসূচিতে সর্বোচ্চ বয়স ৪৫ বছর এবং সিনিয়র স্কলার কর্মসূচিতে ৫০ বছর। স্নাতক পর্যায়ের আবেদনকারীদের বৈধ চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (সিএসসিএ) পরীক্ষার ফল জমা দিতে হবে এবং ক্ষেত্রবিশেষে এইচএসকে বা ইংরেজি ভাষাগত দক্ষতার প্রমাণ লাগতে পারে।
আবেদনের জন্য সরকারি পোর্টালে নিবন্ধন করে ‘Type A’ নির্বাচন করতে হবে এবং এজেন্সি নম্বর হিসেবে দিতে হবে ‘0501’। প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে পাসপোর্টের তথ্যপাতা, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, ভাষাগত দক্ষতার প্রমাণ, অধ্যয়ন বা গবেষণা পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্ভর্তির নথি; স্নাতকোত্তর, পিএইচডি ও সিনিয়র স্কলার আবেদনকারীদের দুটি সুপারিশপত্রও জমা দিতে হবে। বিস্তারিত নির্দেশনা চীনা দূতাবাসের সরকারি বিজ্ঞপ্তি এবং www.campuschina.org ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদন গ্রহণের জন্য চায়না স্কলারশিপ কাউন্সিল কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে অনুমোদন দেয়নি, তাই আগ্রহীদের সরকারি মাধ্যমেই আবেদন করতে হবে।






