প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার চায় শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার আগেই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিচর্চায় আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন করুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন বলে ইউএনবি জানিয়েছে।
সাক্ষাতে হবিগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত শাধীন সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গৌছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাই ভবিষ্যৎ পেশা ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি বলেন, শুধু পড়ালেখায় মনোযোগ দিলেই হবে না, নিজেদের গড়ে তুলতে খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চাও জরুরি। এ জন্য শিক্ষার্থীদের খেলাধুলা ও পাঠ্যবহির্ভূত কার্যক্রমে অংশ নেওয়ার উপযোগী পরিবেশ ও খেলার মাঠ তৈরিতে সরকার কাজ করছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার পরামর্শ দেন। তাঁর মতে, এটি ভবিষ্যৎ পেশাজীবনে তাদের বাড়তি সুবিধা দেবে। ব্যবহারিক দক্ষতা অর্জনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া পরিবেশ ও প্রকৃতির প্রতি ব্যক্তিগত দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের প্রকাশ্য স্থানে ময়লা না ফেলতে, প্রাণীদের প্রতি সদয় হতে এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগাতে উৎসাহিত করেন। সাক্ষাতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে তাদের নিজ জেলা হবিগঞ্জ সফরের আমন্ত্রণ জানান।








