জমি নিবন্ধনে নতুন বাজারমূল্য জানুয়ারি থেকে কার্যকর, তিন স্তরে কমিটি গঠন

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 5:20 অপরাহ্ন

জমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনে নতুন বাজারমূল্য নির্ধারণ পদ্ধতি আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে কার্যকর হবে। নিবন্ধন অধিদপ্তর জানিয়েছে, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করে তালিকা মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, গত ১০ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, ফলে এখন থেকে সম্পত্তির প্রকৃত বাজারমূল্যই নির্ধারণ করা হবে। সোমবার (১৬ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে কমিটিগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন ব্যবস্থায় তিন স্তরে কমিটি কাজ করবে। সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন বিভাগীয় কমিটি, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বাধীন জেলা কমিটি এবং অন্যান্য এলাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন উপজেলা কমিটি। বিভাগীয় ও জেলা কমিটির সদস্য সচিব থাকবেন সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার এবং উপজেলা কমিটির সদস্য সচিব থাকবেন সাব-রেজিস্ট্রার।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মূল্য নির্ধারণে আগের নিবন্ধিত দলিলের মূল্যের পাশাপাশি স্থানীয় বাজারদর, সাম্প্রতিক কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানিতে পাওয়া তথ্য বিবেচনা করা হবে। নির্ধারিত মূল্যতালিকা তিন বছর কার্যকর থাকবে।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেছেন, আগের পদ্ধতিতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত হতো না। নতুন পদ্ধতিতে সেই ঘাটতি দূর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।