অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কের্চ সেতু মঙ্গলবার ইউক্রেনের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের যাচাই করা ভিডিও ও ছবিতে সেতুটির একটি অংশ ভেঙে পানিতে পড়ে যেতে দেখা গেছে। সোমবার থেকে শুরু হওয়া দফায় দফায় হামলার পর সেতুর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে রুশ কর্তৃপক্ষ এবং সরকারের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে ‘নজিরবিহীন’ বলে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার আক্রমণের জবাবেই এই অভিযান চালানো হয়েছে। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের এটি ছিল সপ্তম ধাপ, যা ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ ও সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সমন্বয় করে পরিচালনা করেছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, নিজস্ব তৈরি বিভিন্ন অস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় সেতুর একটি ধাতব খিলান ও এর নিচের সড়ক অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অভিযানে পালিয়ানিৎসিয়া ও রুতা ড্রোন, এফপি-৫ ফ্ল্যামিঙ্গো ড্রোন এবং নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় সেতু দিয়ে ট্রেন ও যানবাহন চলাচল স্থগিতের কথা জানিয়েছে।
২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর উপদ্বীপটিতে রুশ আধিপত্য সুসংহত করতে প্রায় ২৭০ কোটি ডলার ব্যয়ে ১২ মাইল দীর্ঘ এই সড়ক ও রেল সেতুটি নির্মাণ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে ফৌজদারি মামলা করেছে রাশিয়ার তদন্ত কমিটি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুল্লিন পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেছেন।







