এবারের নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার পর ভবিষ্যতে আর কোনো মজুরি বোর্ড গঠন চান না তৈরি পোশাক কারখানার মালিকরা। কয়েক বছর পরপর মজুরি পুনর্নির্ধারণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতা এড়াতে তাঁরা চান একটি নির্দিষ্ট সূত্র অনুযায়ী প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে শ্রমিকের বেতন বাড়ুক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠকে নতুন মজুরির প্রস্তাবের পাশাপাশি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরার পরিকল্পনা করছেন শিল্পনেতারা।
প্রস্তাবিত ব্যবস্থায় দেশের সার্বিক মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং একটি পরিবারের চিকিৎসা ও শিক্ষা খাতের খরচ হিসাব করে প্রতি বছর বেতনবৃদ্ধির হার নির্ধারিত হবে বলে জানিয়েছেন পোশাকমালিকদের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তাঁরা জানিয়েছেন, মজুরি বোর্ড প্রথা তুলে দেওয়ার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। বর্তমানে ২০২৩ সালে ঘোষিত মজুরি কাঠামোতে মূল্যস্ফীতি যা-ই হোক, শ্রমিকরা প্রতি বছর নির্দিষ্ট হারে ৫ শতাংশ ইনক্রিমেন্ট পান।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, এ বছরের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। তবে ভবিষ্যতে মজুরি নির্ধারণ নিয়ে যেন পোশাক খাতে আর অস্থিরতা না হয়, সে জন্যই সরকার বা মজুরি বোর্ড একটি সূত্র ঠিক করে দিক, যার ভিত্তিতে আলাদা বোর্ড ছাড়াই প্রতি বছর নির্ধারিত হারে বেতন বাড়বে। তিনি আরও জানিয়েছেন, বিজিএমইএ এককভাবে নয়, শ্রমিক ফেডারেশন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে যৌথভাবে এই প্রস্তাব দেওয়া হবে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, প্রতিবারই মজুরি বোর্ড গঠনের দাবিতে আন্দোলন শুরু হয় এবং তা দীর্ঘদিন চলে, কারখানায় ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হয়। তাঁর মতে, বর্তমান মজুরি বোর্ড যদি বার্ষিক বেতনবৃদ্ধির একটি সূত্র তৈরি করে দেয়, তাহলে শ্রম আইন সংশোধন করে ভবিষ্যতে নতুন বোর্ড গঠনের প্রয়োজনীয়তা শেষ করা সম্ভব হবে।
এদিকে নতুন মজুরি নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়েছে। শ্রমিক প্রতিনিধিরা ইতিমধ্যে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন। মালিকপক্ষের ১৬ নভেম্বর প্রস্তাব দেওয়ার কথা থাকলেও ওই দিনের সভা স্থগিত হওয়ায় এখন ২৩ নভেম্বরের বৈঠকে তা জমা দেওয়া হবে। গাজীপুর, আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলার মধ্যে মালিকদের এই প্রস্তাবের পরিকল্পনা সামনে এল।








