যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-র অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএনেট’ মঙ্গলবার বিপর্যয়ের মুখে পড়েছে বলে সিএনএন জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ছয়জন ব্যক্তির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, নেটওয়ার্কটি বন্ধ হয়ে যাওয়ায় সংস্থাটি মঙ্গলবার রাতে মেরিল্যান্ডের ফোর্ট মিড সদর দপ্তরে বেশিরভাগ কর্মীর প্রবেশ সীমিত করে শুধু জরুরি কর্মীদের আসতে বলেছে।
এনএসএ এক বিবৃতিতে বলেছে, নির্ধারিত নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িক অবনতি ঘটেছে। কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও মিশন-গুরুত্বপূর্ণ সক্ষমতা পুরোপুরি সচল রয়েছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার কাজ অব্যাহত আছে বলে সংস্থাটি জানিয়েছে। সিএনএন জানিয়েছে, নেটওয়ার্ক পুনরুদ্ধারের কাজ চলছিল, তবে তা তখনো শেষ হয়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন ফক্স বিজনেসকে বলেছেন, গত মাসে আবিষ্কৃত বড় সফটওয়্যার দুর্বলতা দূর করতে প্যাচ বসানোর পর কিছু সিস্টেম প্রত্যাশামতো ফের চালু হয়নি, এনএসএতেও তা-ই ঘটেছে। সিএনএন জানিয়েছে, দুর্বলতাগুলো পিএইচপি প্রোগ্রামিং ভাষায়, যা বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে পাসওয়ার্ডসহ সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি থাকে। ক্লেটন বলেছেন, এই বিপর্যয় বা সাম্প্রতিক অন্য প্রযুক্তি বিপর্যয়গুলো সাইবার হামলার ফল—এমন কোনো ইঙ্গিত নেই।
কর্মীদের ভয়েসমেইল বার্তা অনুযায়ী, মঙ্গলবার সকালে পরিস্থিতি ‘কোড ইয়েলো’ ঘোষণা করে জরুরি নয় এমন কর্মীদের পর্যায়ক্রমে আসতে বলা হয়; সন্ধ্যায় তা ‘কোড গ্রিন’ করে স্বাভাবিকভাবে আসতে বলা হলেও রাতে আবার ‘কোড অরেঞ্জ’ জারি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশিরভাগ কর্মীর জন্য ক্যাম্পাস বন্ধ করা হয়। হঠাৎ এই সিদ্ধান্ত বদলের কারণ স্পষ্ট নয় বলে সিএনএন জানিয়েছে।
সিএনএন আরও জানিয়েছে, একজন সাবেক জ্যেষ্ঠ এনএসএ কর্মকর্তার মতে একাধিক বিকল্প ব্যবস্থা থাকায় পূর্ণ বিপর্যয়ের সম্ভাবনা কম, যদিও বিশ্লেষণ ও প্রতিবেদনের কাজে প্রভাব পড়তে পারে। কর্মকর্তারা বলেছেন, এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছানো ব্যাহত হবে না এবং ফাইভ আইজ মিত্রদের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ও ক্ষতিগ্রস্ত হয়নি।








