রোম, ১৯ নভেম্বর: অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়া বিধিনিষেধ আনতে যাচ্ছে ইতালি। রয়টার্স জানিয়েছে, দেশটির পার্লামেন্টে আলোচনাধীন একটি সরকারি নিরাপত্তা ডিক্রির সংশোধনীতে এই প্রস্তাব রাখা হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে, ডিক্রিটি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী শিশুরা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতেই পারবে না। আর ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীরা কেবল তখনই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে, যখন সেই অ্যাকাউন্টটি বাবা কিংবা মায়ের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। স্বাধীনভাবে নিজের অ্যাকাউন্ট খোলা ও ব্যবহারের সুযোগ মিলবে ১৬ বছর বয়স থেকে।
রয়টার্সের হাতে আসা সংশোধনীর খসড়া অনুযায়ী, প্রস্তাবটি এখনো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি, তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী জোট সরকারের সমর্থন রয়েছে এতে। ফলে পার্লামেন্টে এটি পাস হওয়ার পথ অনেকটাই নিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে। আলোচনার সময় খসড়ায় কিছু পরিবর্তন আসতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমান খসড়ায় শিক্ষামূলক অ্যাপগুলোকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকেই ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের দায়িত্ব নিতে হবে। এ জন্য ইতালির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এজিকমকে ডিক্রি কার্যকর হওয়ার নয় মাসের মধ্যে বয়স যাচাইয়ের নির্দেশিকা তৈরি করতে হবে বলে প্রস্তাবে বলা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রিসের মতো দেশগুলোর কাতারে যোগ দিতে যাচ্ছে ইতালি, যারা ইতিমধ্যে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে আইনি উদ্যোগ নিয়েছে। শিশুদের ডিজিটাল আসক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটেই ইউরোপজুড়ে এমন বিধিনিষেধের আলোচনা জোরালো হচ্ছে।








