দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও শিশুবান্ধব পরিবেশ গড়তে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার। বুধবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা জানিয়েছেন বলে বাসস জানিয়েছে।
গাজীপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিশুদের শেখার উপযোগী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের যথেষ্ট সুযোগ দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক ব্যায়াম ও সামাজিক মেলামেশা শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক ভালো থাকা ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ববি হাজ্জাজ বলেন, খেলার মাঠ ও আশপাশের এলাকা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে এবং শিশুদের অপরিষ্কার ও ঝুঁকিপূর্ণ জায়গা সম্পর্কে সচেতন করতে হবে। তিনি আরও জানান, কর্মকর্তাদের পদবি ও পদায়নসহ প্রশাসনিক কাঠামো নতুন করে পর্যালোচনা করে সরকার একটি নতুন প্রশাসনিক নীতি প্রণয়ন করছে, যা প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুসংগঠিত করবে বলে আশা করা হচ্ছে।
গাজীপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্টের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা সভায় অংশ নেন।







