ফেনী শহরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে পুলিশ তাঁকে ও তাঁর স্ত্রীকে আটক করে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের কলেজ রোড এলাকার গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ (৩৫)। তিনি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বাসিন্দা এবং পরিবার নিয়ে গার্ডেন সিটি ভবনের ১৬ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ‘লিহন প্রাইম’ নামের একটি ফেসবুক আইডি থেকে কয়েক দিন ধরে ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভবনটির নিচে উত্তেজিত জনতা জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজ ও তাঁর স্ত্রীকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক দুজনকে থানায় নেওয়ার সময় জনতা তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গাড়িতে লাঠি, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করে। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। হামলায় ফেনী মডেল থানার নারী কনস্টেবল ভানু দাশ ও গাড়িচালক কনস্টেবল তারিকুল ইসলাম আহত হন; তাঁরা ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অভিযুক্ত যুবকও সামান্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আটক দম্পতি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। পোস্ট দেওয়ার অভিযোগটি প্রাথমিক তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







