কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের দিন বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আদি বাংলা টিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীর ফার্মগেট, ধানমন্ডি, মতিঝিল, মগবাজার, বাড্ডা, বারিধারা, রমনা, তেজগাঁও, খিলক্ষেত, বিমানবন্দর, শাহবাগ, কারওয়ান বাজার ও বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কোনো কোনো এলাকায় সকালে সাধারণ বাসের সংখ্যা তুলনামূলক কম থাকায় অফিসগামী মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে, মেট্রোরেল স্বাভাবিক নিয়মেই চলেছে বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও চলাচল স্বাভাবিক রয়েছে। দৈনিক ইনকিলাব জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দাউদকান্দির টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত বিভিন্ন অংশে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও লোকজনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। ঢাকা-আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচলও স্বাভাবিক রয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।
শিবালয় থানার তদন্ত কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন ইনকিলাবকে জানিয়েছেন, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাইজিংবিডি জানিয়েছে, লকডাউনকে কেন্দ্র করে ঢাকাসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পুলিশ ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন, আমিনবাজারসহ রাজধানীর প্রবেশমুখগুলোতে বিশেষ চেকপোস্টে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, আগামী ডিসেম্বরকে ঘিরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য তাদের কাছে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে বলে রাইজিংবিডির প্রতিবেদনে বলা হয়েছে।








