গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া টহল

Published: নভেম্বর 19, 2026, 5:05 পূর্বাহ্ন

গত কয়েকদিনের অস্থিরতা ও সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সড়কে জনচলাচলও অনেক কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া জেলা জুড়ে শান্তি-শৃঙ্খলা ফেরাতে অতিরিক্ত হিসেবে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার জেলার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে টুঙ্গিপাড়া থানায় হামলার পাশাপাশি বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গোপালগঞ্জ সদরে বড় ধরনের কোনো মিছিল বা অবরোধের দৃশ্য দেখা যায়নি। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন মোড়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মাইকে প্রচার করা হচ্ছে।

মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতির খবর পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, সকাল ১০টার পর থেকে তাদের কর্মসূচি আরও বড় পরিসরে বিস্তৃত হবে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো বাধা সৃষ্টি না করলে তারা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালনের চেষ্টা করবেন। সব মিলিয়ে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন এবং পুরো জেলা জুড়ে এক উদ্বেগজনক পরিবেশ তৈরি হয়েছে।