সরকারপ্রধানের ঐক্যের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 9:59 পূর্বাহ্ন

সরকারপ্রধানের জাতীয় ঐক্যের ডাকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত বৈঠকটিতে সভাপতিত্ব করেন শফিকুর রহমান।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ, আর সরকার এখন ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে তাঁর ভাষায়, এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। এরপর সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে ১১-দলীয় ঐক্য আশা করে বলেও তিনি জানান। সাংবাদিকদের প্রশ্নগুলো ছিল মূলত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক নিয়ে।

ব্রিফিংয়ে মামুনুল হক আরও বলেন, জনগণের মতামতের বাইরে ১১ দল কোনো পদক্ষেপ নেবে না এবং এই মুহূর্তে রাজপথে থাকার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে; পর্যায়ক্রমে জোটের পক্ষ থেকে ও দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি জানান, জোট তাদের সাত দফা দাবি থেকে সরে আসেনি এবং পরাজিত ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকেই তারা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ব্রিফিংয়ে বলেন, পতিত স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রমের কারণে দেশ অস্থিরতার মধ্যে চলে গেছে এবং জাতির মধ্যে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। তাঁর অভিযোগ, সরকারের প্রধান দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদীরা অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে বিভক্ত করেছে; গড়িমসি না করে জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন করলে আজকের পরিস্থিতি তৈরি হতো না।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।