দেশে চলমান অস্থিরতা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় তিনি স্পষ্ট করেন যে, এখন থেকে এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এবং মানুষ হত্যার প্রতিটি ঘটনার জবাব নেওয়া হবে। তারেক রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে একটি রাজনৈতিক দল জোরপূর্বক দেশ শাসন করেছে এবং জনগণের অর্থ বিদেশে পাচার করেছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে তারা বিদেশে পালিয়ে গেলেও সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তারেক রহমান আরও বলেন, পলাতক দলটি ভারতের মাটিতে বসে দেশজুড়ে আগুন সন্ত্রাস চালাচ্ছে। তারা পুনরায় ক্ষমতায় আসার পায়তারা করছে এবং ইতোমধ্যে ১৪শ মানুষ হত্যার সাথে জড়িত। এদের এই দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই বরং মানুষের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে তারা। দেশের মানুষ আর কোনো স্বৈরাচার বা ভোট ডাকাতদের শাসন দেখতে চায় না, বরং তারা নিরাপত্তা ও উন্নয়নের সুফল প্রত্যাশা করে। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে।
আগামী দিনগুলোতে পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের রুখে দিতে ২৪-এর আন্দোলনের সঙ্গে যুক্ত সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। অথচ একটি মহল বাইরে থেকে দেশের ক্ষতিসাধনে লিপ্ত রয়েছে। দেশের মানুষ গুম ও নৈরাজ্যের রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে, তাই অশুভ শক্তিকে প্রতিরোধে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।








