ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, বছরে প্রাণহানি বেড়ে ৫১০, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 10:57 পূর্বাহ্ন

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১০ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ঢাকা মহানগরসহ ৬৫৫ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন ও সিলেটে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব বিভাগেই নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতে চাপ অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৬১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬১৩ জন।