পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবের ছয়টি বিষয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তি, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মজুরি নির্ধারণে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বাংলা ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীতে এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দেয়।
চিঠিতে বিজিএমইএ বলেছে, সিপিডি পাঁচটি গবেষণার তথ্য থেকে মধ্যক হিসাব করে একটি শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা চার জন ও উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন ধরেছে। অথচ সিপিডির নিজের ২০২৩ সালের জরিপে পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন ও উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজন। এই পরিবর্তনের ব্যাখ্যা চেয়েছে সংগঠনটি। শুধু ঢাকা শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি ধরে পুরো শিল্পের মজুরি নির্ধারণ নিয়েও আপত্তি জানিয়ে বিজিএমইএ বলেছে, ঢাকা শহর এলাকার কারখানা থেকে মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।
সংগঠনটির দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ, অথচ রপ্তানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব চাপের মধ্যে গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিজিএমইএর মতে, খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে আবাসন ব্যয় আলাদাভাবে যুক্ত করায় দ্বৈত গণনার আশঙ্কাও রয়েছে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে সংগঠনটি জানিয়েছে।







