ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 11:58 পূর্বাহ্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন বলে প্রথম আলো ও এনটিভি জানিয়েছে। একই রায়ে তাঁর স্ত্রী রুখমিলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন জানিয়েছেন, রায়ে সাইফুজ্জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় তাঁকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ, অর্থাৎ ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

মামলায় মোট ১৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। সাজাপ্রাপ্ত অন্যদের অধিকাংশই ইউসিবি ও আরামিট গ্রুপের কর্মকর্তা। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষীদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

দুদকের অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’-এর মালিক দেখিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ঋণের অর্থের একটি অংশ আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের আগের দায় পরিশোধে ব্যবহার করা হয় এবং বাকি অর্থ নগদে তুলে হুন্ডির মাধ্যমে প্রথমে দুবাইয়ে পাচার করা হয়, পরে সেখান থেকে বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পদ কেনা হয়। ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে সাইফুজ্জামান, তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।