ক্যানসারের লড়াইয়ে কোনো নারীকে পেছনে রাখা যাবে না: ডা. জুবাইদা রহমান

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 2:00 অপরাহ্ন

নারীদের ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে কোনো নারীকে পেছনে রাখা যাবে না। বাসস জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘যা প্রতিরোধ করা যায়, তা প্রতিরোধ করতে হবে; আগেভাগে রোগ শনাক্ত করতে হবে, কার্যকর চিকিৎসা দিতে হবে এবং এড়ানো যায় এমন কষ্ট কমাতে হবে। কোনো রোগীকেই পেছনে রাখা যাবে না।’ বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ার কথা বলেছেন, যেখানে সবাই মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসা পাবেন এবং প্রত্যেকের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।

দুই দিনব্যাপী এই কংগ্রেস ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। বাসস জানিয়েছে, এতে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার ক্যানসার বিশেষজ্ঞ, স্বাস্থ্যপেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজন অংশ নিচ্ছেন। কংগ্রেসে ক্যানসার প্রতিরোধ, শনাক্তকরণ, চিকিৎসা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী, অথচ শহর ও গ্রামের লাখ লাখ নারী নীরবে কষ্ট ভোগ করেন এবং পরিবারের অগ্রাধিকারের তালিকায় নিজের স্বাস্থ্যসেবাকে সবার শেষে রাখেন। তিনি বলেন, একজন নারীর বেঁচে থাকার অধিকার কখনোই নির্ভর করতে পারে না তিনি কোথায় বাস করেন তার ওপর। এ জন্য সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসুবিধা সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

তিনি স্কুলের ভেতরে ও বাইরে মেয়েদের টিকাদান নিশ্চিত করা এবং শহর ও গ্রামে নারীদের জন্য ক্যানসার স্ক্রিনিং সুবিধা সম্প্রসারণের আহ্বান জানান। বাসস জানিয়েছে, তিনি বলেছেন, স্ক্রিনিংয়ে ইতিবাচক ফল এলে যথাযথ রোগনির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে হবে; সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, কার্যকর রেফারেল ব্যবস্থা ও প্রশিক্ষিত জনবল ছাড়া রোগীরা ক্লিনিক ও হাসপাতালের মাঝখানে হারিয়ে যেতে পারেন। স্কুল, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালের মাধ্যমে সেবা সম্প্রসারণ, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের ভূমিকা এবং সরকার, স্বাস্থ্যপেশাজীবী, ক্যানসারজয়ী, নাগরিক সমাজ ও উন্নয়ন অংশীদারদের মধ্যে শক্তিশালী সহযোগিতার ওপরও তিনি জোর দেন।