৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট ভাড়াটিয়া সরানোর নির্দেশ, না সরালে বরাদ্দ বাতিল

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 10:03 অপরাহ্ন

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা ও ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যাঁরা ইতিমধ্যে বাসা ভাড়া দিয়েছেন, তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বরাদ্দ পাওয়া বাসায় বসবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয় বলে কালের কণ্ঠ জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক তাঁর বাসার সম্পূর্ণ অংশ কিংবা এক বা একাধিক কক্ষ কোনোভাবেই সাবলেট বা ভাড়া দিতে পারবেন না। যাঁরা ইতিমধ্যে সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান করতে হবে।

সময়সীমা পার হওয়ার পর কোনো বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিল করা হবে বলে নির্দেশনায় সতর্ক করা হয়েছে। পাশাপাশি বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তর গত ২৯ অক্টোবর তার অধীন বাসা ও ফ্ল্যাটে সাবলেট ও ভাড়া বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছিল। এরপর গত ৯ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন করে এ নির্দেশনা দেওয়া হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকেও ৩০ নভেম্বরের মধ্যে সাবলেট ভাড়াটিয়া সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি বাসায় সাবলেট বন্ধে সরকারের ধারাবাহিক কঠোর অবস্থানের অংশ হিসেবেই মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনা এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।