জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

Tajanews24

Published: নভেম্বর 20, 2026, 5:49 পূর্বাহ্ন

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার অভিযোগে ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর মো. সালাহ উদ্দিন বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় মামলাটি করেন। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে প্রধান আসামি করা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে। এজাহারে অভিযোগ করা হয়েছে, আন্দোলনকারীরা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন, একজন উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করেন এবং হত্যার হুমকি দেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার সূত্রপাত গত ১৬ নভেম্বর। ওই দিন হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে চাকরিতে পুনর্বহাল ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। এতে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভেতরে আটকা পড়েন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ওই দিন রাত ১০টায় উপাচার্যের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিন সব দপ্তর বন্ধ ঘোষণা করে, যদিও জরুরি সেবা, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর এবং অধ্যক্ষ সম্মেলনসংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়।

এদিকে ক্যাম্পাসের ঘটনাপ্রবাহ তদন্তে শিক্ষা মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে। উল্লেখ্য, ২০০৩–০৪ সালে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে বরখাস্ত করা হয়েছিল; দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ তাঁদের পুনর্বহালের আদেশ দেন।