মেহেরপুরের রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ

Tajanews24

Published: নভেম্বর 20, 2026, 6:18 পূর্বাহ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৩৭ নম্বর প্রধান পিলারের কাছ দিয়ে ওই চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। গোয়েন্দা তথ্য ও সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত হয়। এরপর বিজিবি সদস্যরা দৃঢ় অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

রংমহল বিওপির নায়েক সুবেদার জাহিদ হোসেন জানান, বিজিবির তাৎক্ষণিক তৎপরতার মুখে বিএসএফের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেছেন, বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে অবৈধ পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এ ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।