মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি, পতাকা বৈঠকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ

Tajanews24

Published: নভেম্বর 20, 2026, 1:18 অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক টহল ও কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মৌলভীবাজার এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল, ফলে সীমান্ত এলাকায় মানুষের চলাচল কমে যায়। এই বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে সাতজনকে এবং শুক্রবার সকালে লাতু সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলঘেরা এলাকা দিয়ে এই চেষ্টা চালানো হয় বলে জানা গেছে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বৈরী আবহাওয়া সত্ত্বেও সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহল দল দুই দফাতেই পুশইনের চেষ্টা প্রতিহত করেছে। তিনি আরও জানান, শুক্রবার দুপুরে পাল্লাথল সীমান্ত থেকে সাতজনকে সরিয়ে নেওয়া হলেও লাতু সীমান্তের ভারতীয় অংশে ১৩ জন তখনো অবস্থান করছিলেন; বৃষ্টির মধ্যে থাকা এসব মানুষকে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা সেখান থেকে সরে যাননি।

এ ঘটনায় শুক্রবার বিকেলে পাল্লাথল সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুবেদার কানন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে এভাবে বাংলাদেশে লোকজন পাঠানোর চেষ্টা না করতে এবং সীমান্তে অবস্থানরত ১৩ জনকে ফিরিয়ে নিতে বিএসএফকে অনুরোধ জানানো হয়। তবে বিএসএফ সীমান্তে লোক পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, ঘটনার পর মৌলভীবাজার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে আর কোনো পুশইন বা অনুপ্রবেশের চেষ্টা সফল না হয়। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে ব্যাটালিয়ন অধিনায়ক জানিয়েছেন।