এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে সাত দিনব্যাপী এই মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ নীতিমালার মূল লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার এবং একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন। এবারের মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী বলে আয়োজকেরা জানিয়েছেন।








