জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘জেডএআই বিডি’। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে টাইমস অব বাংলাদেশ জানিয়েছে। বিশ্বের ৩৭টি দেশের কয়েক শ দলকে পেছনে ফেলে দলটি এই সাফল্য অর্জন করেছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক বিচারকেরা বাংলাদেশের দলটিকে বিজয়ী ঘোষণা করেন। ‘ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজক ছিল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)। বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্য আইন বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরি করাই ছিল প্রতিযোগিতার লক্ষ্য।
দলটির নেতৃত্ব দেন বিডিরেনের ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্য সদস্যরা হলেন বিডিরেনের জ্যেষ্ঠ ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত।
দলটির তৈরি প্ল্যাটফর্মের নাম ‘ক্লজচেইন’। সংবাদ বিজ্ঞপ্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্ল্যাটফর্মটি সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে জাতিসংঘের রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইনডেক্সের সঙ্গে সেগুলোর সামঞ্জস্য যাচাই করে। এতে দেওয়া প্রতিটি উদ্ধৃতি মূল নথির সঙ্গে মিলিয়ে দেখা হয় এবং নয়টি স্বয়ংক্রিয় যাচাইয়ের কোনো একটিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বাদ পড়ে। বর্তমানে প্ল্যাটফর্মটি ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে পারে। এতে ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা প্রক্রিয়াজাত করা হয়েছে। প্ল্যাটফর্মটি সম্পূর্ণ উন্মুক্ত উৎসের।
দলনেতা নাফিউ বলেছেন, প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা যায়—এমন একটি ব্যবস্থা তৈরি করাই ছিল তাঁদের লক্ষ্য। বিডিরেনের ডেটা সেন্টারে থাকা একটি এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক ব্যবহার করে নিজস্ব অবকাঠামোতেই এই কাজ করা হয়েছে বলে জানানো হয়েছে। ইউএনএসকাপের বাণিজ্য নীতি ও সুবিধা বিভাগ ক্লজচেইনকে আরও উন্নত করে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত বিডিরেনের ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিজয়ী দলটিকে অভিনন্দন জানান।







